ভোরের নরম আলো ফোটার আগেই ফুল হাতে স্মৃতিসৌধের পথে মানুষের ঢল। একে একে জড়ো হন সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বধ্যভূমি স্মৃতিসৌধ মুহূর্তেই পরিণত হয় শ্রদ্ধা ও ভালোবাসার নীরব মিলনমেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ঢেকে যায় শহীদদের স্মৃতিচিহ্ন।বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে ভাটিয়াপাড়া ও ফুকরা বধ্যভূমিতে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণ উদযাপন।সকালেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।স্বাধীনতা দিবস উপলক্ষে কাশিয়ানীতে ছিল দিনব্যাপী নানা আয়োজন। কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।পরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত করেছে।